মালদা: বন্যা পরিদর্শনে গিয়ে ভয়াবহ হামলার শিকার হন মালদা দক্ষিণের বিজেপি সাংসদ খগেন মুর্মু। উন্মত্ত জনতা তাঁর গাড়ি ঘিরে পাথর ছোড়ে, লাঠি দিয়ে আক্রমণ করে। গুরুতর চোট নিয়ে তাঁকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে, যেখানে ২০ দিন চিকিৎসার পর শনিবার সন্ধ্যায় ছাড়া পান।
এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে ‘Y প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ করেছে। এর ফলে এখন থেকে সামনে-পেছনে মিলিয়ে ১১ জন নিরাপত্তারক্ষী সর্বক্ষণ তাঁর সঙ্গে থাকবেন।
খগেন মুর্মুর পরিবার জানিয়েছে, তাঁর চোয়ালে গুরুতর আঘাত রয়েছে, চিকিৎসকরা তাঁকে দুই মাস কথা না বলার পরামর্শ দিয়েছেন। কয়েক দিনের মধ্যে তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হবে।
তাঁর ছেলে অনিমেশ মুর্মু বলেন, “আদিবাসী সমাজে জনপ্রিয়তা বাড়ছিল বলেই পরিকল্পিতভাবে খুনের চেষ্টা করা হয়েছে।” পরিবার অভিযোগ করেছে, FIR-এ নাম থাকা ব্যক্তিদের এখনও গ্রেফতার করা হয়নি। তাঁরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন।
এই ঘটনার পর রাজ্যের আরও কয়েকজন বিজেপি নেতার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

