Rajganj: টোলগেটে গাড়ির ধাক্কায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

রাজগঞ্জ: ফাটাপুকুর-পানিকাউরি টোলগেটে গাড়ি দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ জলপাইগুড়ির দিক থেকে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেল।

যুবকের নাম মন্তোষ রায়। বাড়ি পানিকাউরি অঞ্চলের চান্দারবাড়ি এলাকায় বলে খবর। এদিন সন্ধ্যায় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি গাড়ি ওই যুবককে ধাক্কা মেরে পালিয়ে যায়। যদিও যুবক সেই সময় কর্তব্যরত ছিলেন কি না তা নিশ্চিত করেনি পুলিশ।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী সিভিক ভলান্টিয়ার যুবকের মৃত্যু হয়েছে।

এই ঘটনার পর টোলগেট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, জলপাইগুড়ি দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে মন্তোষকে। অবশ্য ঘাতক গাড়ির হুলিয়া অজানা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ওই সিভিক কি কাজে সেখানে ছিলেন, ডিউটি ছিল কি না, জানা যায়নি। এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলছে টোলগেটগুলিতে নিরাপত্তা ব্যবস্থার যথার্থতা নিয়ে।

About The Author