শিলিগুড়ি: বন্ধুর সঙ্গে ফুলবাড়ি-গজলডোবা তিস্তা ক্যানালে ঘুরতে এসে জলে তলিয়ে গিয়েছিল যুবক। গোটা একদিন নিখোঁজ থাকার পর সোমবার সকাল সকাল যুবকের দেহ উদ্ধার হল। ফুলবাড়িতে ফের মর্মান্তিক ঘটনা!
মৃতের নাম মৃগাঙ্ক চৌধুরী (২৩)। শিলিগুড়ি দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা। গান, বাজনা, একটু আধটু ছবি তোলা ছিল যুবকের নেশা। একমাত্র ছেলে মৃগাঙ্কের দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙ্গে পড়েছেন পরিবার আত্মীয়রা।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দুই বন্ধু সেখানে ঘুরতে এসেছিল। পা পিছলে মৃগাঙ্ক জলে পড়ে যায় বলে দাবি অন্য যুবকের। চিৎকার শুনে ছুটে আসেন ফুলবাড়ি-গজলডোবা তিস্তা ক্যানেল সংলগ্ন নাওয়াপাড়ার বাসিন্দারা। তবে রাতের অন্ধকারে উদ্ধার কাজ শুরু হয়নি। এরপর রবিবার তল্লাশি অভিযান চললেও কোনও হদিস মিলছিল না যুবকের। সোমবার সকালে তলিয়ে যাওয়া দেহ উদ্ধার হল। রবিবার সকাল থেকে তল্লাশি অভিযান করেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। ফুলবাড়ি তিস্তা ক্যানালে বারবার এমন ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

