সরকারি স্কুলের শিক্ষকেরা এখন থেকে আর গৃহশিক্ষকতা করতে পারবেন না। কোনওরকম কোচিং সেন্টারের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না। এমনকি বিনা পারিশ্রমিকে কোথাও ছাত্র-ছাত্রীদের পড়াতেও পারবেন না। নির্দেশিকা দিয়ে স্পষ্ট কথায় জানিয়ে দিল রাজ্যের শিক্ষা দফতর।
নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ স্কুলগুলিতে কর্মরত কোনও শিক্ষক গৃহশিক্ষকতা বা কোনওরকম কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। স্কুল শিক্ষা দফতরের অধীন নির্দেশালয় এই বিজ্ঞপ্তিটি জারি করার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ জেলার আধিকারিকদের মারফত স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছেও সেই নির্দেশ দেওয়া হয়েছে।
‘রাইট অব চিল্ড্রেন টু ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট ২০০৯-এর আওতায় যে এই নির্দেশিকা জারি করা হয়েছে, তা-ও জেলা স্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে। জেলা স্তরের স্কুল ইন্সপেক্টরদের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কোনও জুনিয়র হাই স্কুল, হাই স্কুল অথবা কোনও মাদ্রাসার শিক্ষকরা গৃহশিক্ষকতা বা অন্য কোনও ধরনের শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

