কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রতীক-উর রহমান। শনিবার তাঁর হাত থেকেই তৃণমূলের পতাকা নেবেন এই প্রাক্তন সিপিএম নেতা।
শনিবারই বাংলায় বড় রাজনৈতিক চমক। সিপিএম ছেড়ে প্রতীক-উর রহমান আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এরও।
প্রসঙ্গত, প্রতীক-উর রহমান ২০২১ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধেই সিপিএম প্রার্থী হিসেবে লড়েছিলেন। দু’বছর পর সেই প্রতিদ্বন্দ্বীর হাত থেকেই এবার তৃণমূলের পতাকা নিতে চলেছেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, অভিষেকের সঙ্গে ফোনে কথাও হয়েছে প্রতীক-উরের। তবে তিনি নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। শুক্রবার রাত পর্যন্ত অভিষেকের দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভ্যন্তরীণ বৈঠক করতে যাবেন অভিষেক। রাজনৈতিক মহলের মতে, এই যোগদান পাহাড় থেকে সমতল পর্যন্ত তৃণমূলের শক্তি বাড়ানোর কৌশলেরই অংশ।

